মুন্সিগঞ্জের চালকলগুলোর মধ্যে ৮০ শতাংশই বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় একসময় দেড় শতাধিক পুরোনো চালকল (হাস্কিং মিল) ছিল। কিন্তু বর্তমানে সেগুলোর প্রায় ৮০ শতাংশই বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।চালকল মালিকেরা বলছেন, ৯-১০ বছরের মধ্যে ধীরে ধীরে এসব চালকল বন্ধ হয়ে গেছে। তাঁরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে আধুনিক স্বয়ংক্রিয় চালকল (অটো রাইস মিল) ও চাতাল গড়ে ওঠার কারণেই পুরোনো চালকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এরই মধ্যে মুন্সিগঞ্জেও ছয়টি আধুনিক চালকল গড়ে উঠেছে।স্থানীয় লোকজন জানান, জেলার বিনোদপুর, ফিরিঙ্গিবাজার, রিকাবীবাজার, মিরকাদিম, কমলাঘাট ও তিলার্দি একসময় ধান ও চালের বাণিজ্যকেন্দ্র ছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন। কিন্তু এখন বেশির ভাগ চালকল বন্ধ হয়ে যাওয়ায় এই এলাকায় এখন ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের পদচারণা নেই।এলাকার লোকজন জানান, ৫০ বছর আগে থেকে মুন্সিগঞ্জে চালকল গড়ে উঠতে শুরু করে। এসব চালকলে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক।চালকলের মালিকেরা বলেন, আগে বরিশাল, দিনাজপুর, রংপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদীপথে মুন্সিগঞ্জের চালকলগুলোতে ধান আসত। কিন্তু এখন বরিশাল, দিনাজপুর, রংপুরসহ দেশের অন্যান্য স্থানে অসংখ্য ধানের চাতাল গড়ে উঠেছে। তাই সেসব এলাকার ধান এখন আর মুন্সিগঞ্জে আসে না। এ কারণে চালকলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুরোনো চালকলগুলো আধুনিক চালকলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। আধুনিক চালকলের চাল তুলনামূলকভাবে পুরোনো চালকলের চেয়ে ভালো হয়। এ কারণে ব্যবসায়ীরা আধুনিক চালকলের দিকে ঝুঁকেছেন। এ ছাড়া আধুনিক চালকলগুলোর চেয়ে পুরোনো চালকলে ধান ছাঁটাইয়ে খরচও বেশি। এ কারণে সেগুলো আধুনিক চালকলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না।জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ বলেন, আগে সারা দেশে ধানের চাতাল তেমন একটা ছিল না। মুন্সিগঞ্জের এসব এলাকায় সবচেয়ে বেশি চালকল গড়ে ওঠে। মুন্সিগঞ্জ সদর উপজেলায় দেড় শতাধিক চালকল ছিল। এখন লোকসানের কারণে এসব চালকলের ৮০ শতাংশই বন্ধ।মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বলেন, একসময় এ এলাকা চালকলের জন্য বিখ্যাত ছিল। এসব চালকলের জন্য কমলাঘাটকে নদীবন্দর ঘোষণা করা হয়। এখন চালকলের সঙ্গে নদীবন্দরও হারিয়ে যেতে বসেছে।জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এনামুল হক নূর বলেন, ‘বিভিন্ন জেলায় চাতাল গড়ে ওঠায় মূলত মুন্সিগঞ্জের চাতাল বন্ধ হওয়ার মূল কারণ। এখন হাস্কিং মিলের পরিবর্তে গড়ে উঠছে অটো রাইস মিল। ব্যবসায়ীরা সহজে ধান ছাঁটাই করতে অটো রাইস মিলে চলে যাচ্ছেন।’ জেলা প্রশাসক মো. আজিজুল আলম প্রথম আলোকে বলেন, ‘আধুনিক চালকলের সঙ্গে পুরোনো চালকলগুলো প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না। তাই হয়তো পুরোনো চালকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে।’