মুন্সিগঞ্জের নাটেশ্বরে পুরাকীর্তির প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের নাটেশ্বরে হাজার বছরের প্রাচীন বৌদ্ধ মন্দির ও নগরের প্রবেশপথ, মণ্ডপ, চুন-সুরকির মেঝে এবং প্রদক্ষিণ পথ আবিষ্কৃত হয়েছে।
গতকাল শুক্রবার টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর প্রত্নতত্ত্বস্থলের কাছে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নাটেশ্বরে উৎখননে পাওয়া পুরাকীর্তি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে স্বাগত ভাষণ দেন খননকাজের গবেষণা পরিচালক ও ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক সুফি মোস্তাফিজুর রহমান। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিসচিব ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলতাফ হোসেন। আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল হক পাটোয়ারী ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী মাকসুদ।
এর আগে অতিথিরা প্রত্নতাত্ত্বিক এলাকা ঘুরে দেখেন। এর পাশেই প্রদর্শন করা হয় উৎখননে পাওয়া শতাধিক প্রত্ন নিদর্শন। এর মধ্যে রয়েছে পাথর, মৃৎপাত্র, নকশা আকৃতির ইট ও পোড়া মাটির প্রত্নবস্তু। মৃৎপাত্রগুলো লাল ও কালো রঙের। এর মধ্যে রয়েছে সঞ্চয় আধার, রান্নার হাঁড়ি, প্লেট, গামলা, পানির পাত্র, প্রদীপ-স্ট্যান্ডের ভাঙা অংশ। চীনের তিনজন মৃৎপাত্র বিশেষজ্ঞ প্রায় এক মাসের চেষ্টায় উৎখননে পাওয়া ১০০টি মৃৎপাত্র জোড়া লাগিয়েছেন।
এ ছাড়া খননে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশন, পুঁথি পাঠ ও কবিতা আবৃত্তি হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সাল থেকে নাটেশ্বরে খনন শুরু হয়েছে। এর আগেও এখানে মাটির নিচে চাপা পড়ে থাকা বৌদ্ধ মন্দির নগরীর নানা নিদর্শন আবিষ্কৃত হয়। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় এই খননকাজ চলছে। ঐতিহ্য অন্বেষণ এই খননকাজে অংশ নিচ্ছে। ২০১৫ সালে চীনা গবেষকেরাও এই গবেষণাকাজে অংশ নেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান বলেন, এখানকার খননস্থানের ওপর ছাউনি তৈরি করা হলে নিদর্শন সুরক্ষাসহ খননকাজ বেশি সময় চালানো সম্ভব। ভবিষ্যতে এ রকম প্রকল্প গ্রহণের ইচ্ছা পোষণ করেন তিনি। খননকাজের উদ্যোক্তা অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রশংসা করে তিনি বলেন, এই কাজ এগিয়ে নিতে সংস্কৃতি মন্ত্রণালয় পাশে থাকবে। বিক্রমপুরের অন্য নিদর্শনগুলো সুরক্ষার ব্যাপারেও যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সুফি মোস্তাফিজুর রহমান বলেন, নাটেশ্বরের দেউলটি (দেবালয়) প্রায় ১০ একর আয়তনের। এর মধ্যে ৬ একর এলাকায় উৎখনন চলছে। এ মৌসুমে খননকাজ শুরু হয় গত ডিসেম্বরের শেষের দিকে। ধারণা করা হচ্ছে, পুরো দেউল ছাড়াও আশপাশের মাটির নিচে চাপা পড়ে আছে প্রাচীন সভ্যতার নানা নিদর্শন। বিক্রমপুর গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চলে পরিণত হচ্ছে। আর নাটেশ্বর বিশ্বের এক নম্বর বৌদ্ধ তীর্থকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে। আগাম বৃষ্টির কারণে দ্রুতই খননকাজের সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আবার শুকনো মৌসুমে খনন শুরু হবে। আগামী এক মাস উৎখননকৃত নিদর্শন অস্থায়ীভাবে সংরক্ষণের কাজ চলবে।
খননকাজের নানা বিষয় তুলে ধরে নূহ-উল-আলম লেনিন বলেন, খননকাজে এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সোহরাব উদ্দিন সৌরভের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে ফিল্ড ওয়ার্কে অংশ নেন ২৫ শিক্ষার্থী। এ ছাড়া মোস্তাফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও খননকাজে অংশ নেন।