মুন্সিগঞ্জের পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া ঘাটের কাছে আজ মঙ্গলবার দুপুরে ৩৭ জন শ্রমিক নিয়ে মাটিভর্তি একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় পাঁচজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

সাঁতরে তীরে ওঠা ট্রলারের যাত্রী হাবিবুর রহমান জানান, লৌহজং উপজেলার মধ্যেরচর থেকে মাটি কেটে পাশের পালেরচর যাওয়ার পথে পদ্মার মাওয়া ঘাটের কাছে তাঁদের ট্রলারটি ডুবে যায়। তাঁদের চিত্কারে আশপাশের লঞ্চ ও স্পিডবোট গিয়ে যাত্রীদের উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা ৩৭ জনের মধ্যে ৩২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি পাঁচজন নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিদের নাম জানা সম্ভব হয়নি। শ্রমিকদের সবার বাড়ি পাবনায়।

তবে লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস মিয়ার দাবি, ৩৭ জনের সবাইকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নাই। ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।