মুন্সিগঞ্জের প্রবাসফেরত পারভেজ ২৬ দিন ধরে নিখোঁজ!
মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার আতাউল ইসলাম পারভেজ (৩৬) দীর্ঘ ২৬ দিন ধরে নিখোঁজ। ১১ বছর দক্ষিণ কোরিয়ায় থেকে সম্প্রতি তিনি দেশে ফেরেন। পরিবার জানায়, পারভেজের গাজীপুরে জমি ও ঢাকার ফার্মগেটে একটি দোকান রয়েছে। সেই জমি ও দোকানের দলিল নিয়ে গত ২৮ মার্চ পারভেজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এর পর থেকে তিনি নিখোঁজ। পরিবার আরও জানায়, ১১ বছর দক্ষিণ কোরিয়ায় থেকে পারভেজ সমপ্রতি দেশে ফেরেন। তাঁর বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। ঘটনার দিন ২৮ মার্চ দুপুর ১২টার দিকে পারভেজ জমির দলিলের একটি ফাইল নিয়ে ঢাকায় রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।পরদিন ২৯ মার্চ সকালে পারভেজ নিজের মুঠোফোন থেকে ছোট বোন নিশাত ইসলামকে ফোন করে জানান তাঁর কাছে কোনো পুলিশের ফোন নম্বর আছে কি না। তিনি বিপদে আছেন—এ কথা বলার পর সংযোগটি কেটে যায়। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ২৯ মার্চ মুন্সিগঞ্জ থানায় তাঁর বড় ভাই আতিকুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ পারভেজের মুঠোফোনের কললিস্ট ধরে তদন্ত করছে।মুন্সিগঞ্জ থানার ওসি আবুল বাশার প্রথম আলোকে জানান, পারভেজ দেশে ফিরে ব্যবসা করার জন্য চেষ্টা করছিলেন। কী ব্যবসা করা যায়, তা খুঁজছিলেন। যেদিন তিনি ছোট বোনকে ফোন করেন, সেদিন তিনি টঙ্গী ছিলেন বলে জানান। কিন্তু ফোনের কললিস্ট থেকে দেখা যায়, ওই ফোনটি বরিশাল থেকে করা হয়। তাঁদের কথার সঙ্গে মেলে না। কললিস্টের সর্বশেষ কলের সূত্র ধরেও তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্লু পাননি বলে তিনি জানান। পুলিশের জানায়, এত দিন ধরে পারভেজকে খুঁজে পাওয়া যাচ্ছে না; এতে করে ধারণা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে তাঁর লাশ গুম করে ফেলতে পারে। পরিবার জানায়, পারভেজের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড ছিল। সেই কার্ডে ২৯ মার্চ সকালে বরিশাল থেকে দুই হাজার টাকা এবং বিকেলে ফরিদপুর থেকে ৫০০ টাকা তোলা হয়।আতিকুল ইসলাম জানান, ‘কোথাও খোঁজ করে তাকে পাওয়া যায়নি। গতকাল থানা থেকে জানতে পারলাম, টঙ্গীতে একটি লাশ পাওয়া গেছে। বয়স ৩৬ ও ৩৭-এর মতো হবে। কিন্তু দুই দিনের হরতালের জন্য যেতে পারছি না। হরতালের পর যাব।’ তিন ভাই ও চার বোনের মধ্যে পারভেজ তৃতীয়। তাঁর বাবার নাম মৃত নুরুল ইসলাম দেওয়ান।