মুন্সিগঞ্জের বিভিন্ন ক্লিনিকে রোগী মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় রোগী মৃত্যুর ঘটনা বৃদ্ধির প্রতিবাদে এবং এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধের দাবিতে গতকাল মঙ্গলবার শহরের সুপার মার্কেট এলাকায় মানববন্ধন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটির ইয়েস গ্রুপ এই কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক খালেদা খানম, সচেতন নাগরিক কমিটির ইয়েস গ্রুপের আহ্বায়ক তানভীর হাসান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদ-ই-হাসান, মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমুখ। বক্তারা দাবি করেন, ক্লিনিকগুলো সরকারি নিয়মনীতি মেনে চলছে কি না, প্রশাসনকে তা তদারক করতে হবে। ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত সেবিকা, একটি করে অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসকের অবহেলায় যাতে আর কোনো রোগীর মৃত্যু না হয়, কর্তৃপক্ষকে তা নিশ্চিত করতে হবে।গত রোববার মডার্ন ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া গত তিন মাসে একতা ক্লিনিক, এ আর ক্লিনিক, বিক্রমপুর ক্লিনিক, ইউনাইটেড ও টঙ্গীবাড়ী ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।