মুন্সিগঞ্জের ভোটে গুলি-কাঁদানে গ্যাস, এসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার রামপাল ও পঞ্চসার ইউনিয়নের চারটি কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সংঘর্ষ বেধে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে। দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রামপাল ইউনিয়নের দুটি ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ বেধে যায়। সকাল ১০টার দিকে মিল্কিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। দুর্বৃত্তরা এ সময় উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এই কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত ছিল। কিছু ব্যালট বাক্স বাতিল করা হয়। সাদ্দাম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
একই ইউনিয়নে কাজী কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা কেন্দ্র দখল করে পেপারে সিল মারার চেষ্টা চালালে ১২টি গুলি ছোড়ে পুলিশ। এ সময় দুর্বৃত্তরা ৮০০ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এ কারণে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশীদ জানান, ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার কারণে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
পঞ্চসার ইউনিয়নে মালিরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা হাতবোমা ফাটিয়ে দখল করার চেষ্টা চালালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একই ইউনিয়নের সন্তোষাপাড়া কেন্দ্রেও পুলিশের কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনা ঘটেছে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজ জানান, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। যেখানে সমস্যা হচ্ছে, সেখানে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কোনো ছাড় দিচ্ছে না।