মুন্সিগঞ্জের সেই আইনজীবীর লাশ মিলল সিলেটে
মুন্সিগঞ্জের নিখোঁজ আইনজীবী কাজী ওবায়দুল ইসলামের (৪৫) লাশ সিলেটে পাওয়া গেছে। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে অচেতন করতে কিছু খাওয়ানোয় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে ওবায়দুলের নিহত ওয়ার প্রতিবাদে মুন্সিগঞ্জের আইনজীবীরা গতকাল রোববার আদালতে কর্মবিরতি পালন করেন।
গত ২৮ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ থেকে কিশোরগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকায় বোনের বাড়ি যাওয়ার পথে ওবায়দুল নিখোঁজ হন। সন্ধান না পেয়ে ৩ মার্চ তাঁর শ্বশুর আবদুল হাকিম মাদবর মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গতকাল প্রথম আলোকে জানান, ১ মার্চ ভোরে সিলেট রেলস্টেশনে এক ব্যক্তিকে (ওবায়দুল ইসলাম) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় ও অত্মীয়-স্বজনদের সন্ধান না পাওয়ায় লাশটি পাঁচ দিন মর্গে পড়ে ছিল। ৬ মার্চ মৃতদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করে পুলিশ।
লাশ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে কোতোয়ালি থানার পুলিশ জানতে পারে ওবায়দুল অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়েছিলেন। তাঁর সব কিছু হাতিয়ে নিতে তাঁকে অচেতনজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। ওসমানী মেডিকেলের নিবন্ধন খাতায় বিষক্রিয়ায় ওবায়দুলের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ওবায়দুলের স্বজন আইনজীবী হান্নান মিয়া বলেন, ‘সিলেটের একটি স্থানীয় পত্রিকায় ওবায়দুলের ছবিসহ একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে যোগাযোগের ঠিকানায় আমার মুঠোফোন নম্বর প্রকাশ করা হয়। সেই পত্রিকা দেখে ওসমানী মেডিকেলের এক চিকিৎসক আমাকে মুঠোফোনে জানান, সংবাদে প্রকাশিত ছবির মৃতদেহ তাঁদের হাসপাতালে দেখেছেন। এরপর আমরা (গতকাল) সকালে সিলেটের কোতোয়ালি থানায় গিয়ে লাশের ছবি দেখে ওবায়দুলকে শনাক্ত করি। ছবিতে দেখা যায়, মুখ ও নাক দিয়ে রক্ত ঝরছে।’
লাশ শনাক্ত হওয়ার পর কোতোয়ালি থানায় মামলা করেন ওবায়দুলের ভাতিজা তারেক মাসুদ। এরপর পুলিশ কবর থেকে লাশ তোলার উদ্যোগ নেয়। বিকেল সাড়ে চারটার দিকে একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে পুলিশ সিলেট নগরের মানিকপীর কবরস্থান থেকে ওবায়দুলের লাশটি উত্তোলন করে।
নিহত ওবায়দুলের স্বজনেরা জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঁচ দিন লাশ পড়ে থাকার পরও পুলিশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, আজ সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারে মাতম: ওবায়দুলের নিহত হওয়ার খবর শুনে গতকাল মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকার বাড়িতে তাঁর স্ত্রী রেণু বেগম (৩৫) এক বছরের ছেলে সামিকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। বারবার মূর্ছা যাচ্ছিল মেয়ে রাত্রী (১৬)। সন্তানদের উদ্দেশে রেণু বেগম বলছিলেন, ‘কেন যে তোর বাবা গেল। না গেলে আজ এমন ঘটনা ঘটত না। এই ছোট ছেলেমেয়ে নিয়া আমি এহন কই যামু। কী করমু।’
মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলম বলেন, ‘আমাদের সমিতির সিনিয়র আইনজীবীর নিহত ওয়ার প্রতিবাদে আজ (গতকাল) কর্মবিরতি পালন করেছি। সিলেট থেকে লাশ পৌঁছালে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হবে।’