মুন্সিগঞ্জের ৩৫০ যাত্রী নিয়ে লঞ্চ চরে আটকা
৩৫০ জন যাত্রী নিয়ে এমভি পাতারহাট-১ নামের একটি লঞ্চ গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মুন্সিগঞ্জের সদর উপজেলায় ধলেশ্বরী নদীর একটি চরে আটকে যায়। রাত সাড়ে ১২টা পর্যন্ত লঞ্চটি চরেই আটকে ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার সদরঘাট থেকে দোতলা লঞ্চ এমভি পাতারহাট-১ যাত্রী নিয়ে ভোলার লালমোহনে যাচ্ছিল। রাত সাড়ে নয়টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চঘাটের উত্তর পাশে ধলেশ্বরী নদীর চরে আটকে যায়। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম রাত সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে জানান, লঞ্চচালকের অসাবধানতায় লঞ্চটি চরে উঠে যায়। ওসি জানান, লঞ্চের মালিককে খবর দেওয়া হয়েছে। যাত্রীদের উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দিতে ঢাকা থেকে আরেকটি লঞ্চ পাঠাচ্ছেন মালিক। এরই মধ্যে ওই লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে বলে মালিক জানিয়েছেন।