মুন্সিগঞ্জের ৬০ শতাংশ নলকূপেই আর্সেনিক, ৭১০ জন শনাক্ত
মুন্সিগঞ্জ জেলার প্রায় ৬০ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। পানির বিকল্প কোনো উৎস না থাকায় মানুষ একরকম বাধ্য হয়ে পান করছে এই পানি। আর এতে আর্সেনিকের বিষে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এ বছরের এপ্রিল পর্যন্ত জেলায় আর্সেনিকে আক্রান্ত ৭১০ জনকে শনাক্ত করা হয়েছে।জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৭ সালে জেলার ৯৪ হাজার ২৮৩টি নলকূপে আর্সেনিকের মাত্রা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৪ হাজার ৬৭১টি নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ধরা পড়ে। সদর উপজেলায় তিন হাজার ৯৮৭টি, টঙ্গিবাড়ীতে ১০ হাজার ৩৬৪টি, লৌহজংয়ে নয় হাজার ৩০৪টি, সিরাজদিখানে আট হাজার ৮১৭টি, শ্রীনগরে ১৪ হাজার ৬৬৮টি এবং গজারিয়ায় সাত হাজার ৫৪৯টি নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া যায়। তবে ২০০৭ সালের পর এ সংক্রান্ত আরও কোনো জরিপ হয়নি।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল পর্যন্ত জেলায় আর্সেনিকে আক্রান্ত ৭১০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, টঙ্গিবাড়ীতে ১২৮, লৌহজংয়ে ১১৩, সিরাজদিখানে ২১১, শ্রীনগরে ৮৩ ও গজারিয়ায় ৭০ জন।আর্সেনিকের বিষ থেকে মুক্তি পেতে এবং এ সম্পর্কে সচেতনতা বাড়াতে সিরাজদিখান উপজেলায় সম্প্রতি শোভাযাত্রা ও মানববন্ধনের আয়োজন করে স্থানীয় আর্সেনিক মিটিগেশন কমিটি ও মানব উন্নয়ন সংস্থা। কয়েক শ নারী-পুরুষ এই শোভাযাত্রা ও মানববন্ধনে যোগ দিয়েছিলেন। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেওয়া হয়।সিরাজদিখানের কোলা ইউনিয়নের সিরাজুল ইসলাম আর্সেনিকে আক্রান্ত। তিনি জানান, দীর্ঘদিন ধরে আর্সেনিকযুক্ত পানি পান করায় হাইব্রোডোসিস রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর হাতে ও পায়ে গোটা গোটা হয়ে ফেটে গেছে। আর্সেনিকযুক্ত পানি পান করায় একই উপজেলার রশুনিয়া গ্রামের রৌশনারা বেগম মেলানোসিস রোগে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার একটি কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ হয়ে গেছে।জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা বেশি। এ জন্য আরও গভীর নলকূপ করলে এ বিষ থেকে রেহাই পাওয়া যাবে। জেলা সিভিল সার্জন এ এইচ এম মোসলেহ উদ্দিন জানান, আর্সেনিকে আক্রান্তদের চিকিৎসায় আগে ভিটামিন বড়ি দেওয়া হতো। তবে বর্তমানে বরাদ্দ না পাওয়ায় অনেক দিন ধরে সেটাও দেওয়া যাচ্ছে না।