মুন্সিগঞ্জের ৬৭ ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ছয় উপজেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সদর উপজেলার রামপাল, বজ্রযোগিনী ও পঞ্চসার ইউনিয়নে ভোট গ্রহণ হবে আগামী ১৮ জুন। একই উপজেলার মহাকালী, আধারা, মোল্লাকান্দি, বাংলাবাজার, শিলই ও চরকেওয়ার ইউনিয়নে হবে ২১ জুন। টঙ্গিবাড়ী উপজেলার আট ইউনিয়ন আড়িয়ল বালিগাঁও, ধীপুর, পাঁচগাঁও, কে শিমুলিয়া, কামারখাড়া, যশলং, হাসাইল বানারী ও দিঘিরপাড়ে ভোট গ্রহণ হবে ১৪ জুন। একই উপজেলার আবদুল্লাপুর, বেতকা, সোনারং টঙ্গিবাড়ী ও আউটশাহী ইউনিয়নের ভোট হবে ১৮ জুন। লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল, কুমারভোগ, হলদিয়া, কনকসার, লৌহজং-তেউটিয়া, বেজগাঁও, বৌলতলী, খিদিরপাড়া, গাওদিয়া ও কলমা ইউনিয়নের নির্বাচন হবে ১১ জুন। শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন—পাটাভোগ, শ্রীনগর, তন্তর, কুকুটিয়া, শ্যামসিদ্ধি, বাঘড়া, কোলাপাড়া, রাঢ়ীখাল ও ভাগ্যকুলে ভোট হবে ৭ জুন। বাকি পাঁচটি বাড়ৈখালী, হাসাড়া, বীরতারা, ষোলঘর ও আটপাড়া ইউনিয়নের নির্বাচন হবে ৪ জুন। গজারিয়া উপজেলার আট ইউনিয়ন বালুয়াকান্দি, টেংগারচর, গুয়াগাছিয়া, ইমামপুর, হোসেন্দি, ভবেরচর, বাউশিয়া ও গজারিয়ায় ভোট হবে ২৫ জুন। সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে চার ইউনিয়ন চিত্রকোট, শেখরনগর, কেয়াইন ও রাজানগরে আগামী ৪ জুন ভোট গ্রহণ হবে। অন্য ১০টি ইউনিয়নে হবে ৩১ মে। ইউনিয়নগুলো হচ্ছে—বালুচর, বাসাইল, বয়রাগাদি, ইছাপুরা, জৈনসার, কোলা, লতুব্দী, মধ্যপাড়া, মালখানগর ও রসুনিয়া।