মুফতি আমিনীকে লালবাগে দাফন করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ঈদগাহ মাঠে জানাজার পর গতকাল বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর লালবাগ শাহী মসজিদের সংরক্ষিত কবরস্থানে দাফন করা হয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে। গত মঙ্গলবার রাতে হূদেরাগে আক্রান্ত হলে মুফতি আমিনীকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান। গতকাল বেলা সাড়ে তিনটায় জাতীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান লালবাগ মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল হাই। জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, চরমোনাইয়ের পীর মুফতি ফয়জুল করীমসহ বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকেরা বক্তব্য দেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবদুর রাজ্জাক ও ঢাকা মহানগরের নায়েবে আমির আবদুল হালিম উপস্থিত ছিলেন। বক্তাদের প্রায় সবাই মুফতি আমিনীর আকস্মিক মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেন। তাঁরা অভিযোগ করেন, মুফতি আমিনীকে ২০ মাস ধরে গৃহবন্দী রেখে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুতে পৃথক বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীসহ বিভিন্ন রাজনীতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।