ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘নারী নেতৃত্ব মেনে নেওয়া আর নারী নেতৃত্বের সাথে যুগপত্ কাজ করা বা জোট করা এক জিনিস নয়।’গতকাল শুক্রবার বিভিন্ন সংবাদপত্রে মুফতি আমিনীর প্রকাশিত এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেওয়া ব্যাখ্যায় আমিনী এ কথা বলেন। গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি আমিনী বলেছিলেন, ‘নারী নেতৃত্বকে কোরআন-হাদিস সমর্থন করে না। কিন্তু প্রয়োজনে আমরা একজনের (খালেদা জিয়া) নেতৃত্ব মেনে নিয়েছি। কারণ একজন ইসলামের পক্ষে কিছু কথা বলেন, অন্যজন (শেখ হাসিনা) ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’এই বক্তব্যের ব্যাপারে গতকাল সংবাদমাধ্যমে পাঠানো ব্যাখ্যায় মুফতি আমিনী দাবি করেন, কিছু পত্রিকায় তাঁর বক্তব্য ভুল উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, সময়ের প্রয়োজনে বাধ্য হয়ে অধিক ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা অপেক্ষাকৃত কম ক্ষতিকে বেছে নিয়েছিলাম। আমরা জোট করেছি, নারী নেতৃত্ব মেনে নেওয়া আর নারী নেতৃত্বের সাথে যুগপত্ কাজ করা বা জোট করা এক জিনিস নয়। আমরা ইসলামী ঐক্যজোটের স্বাতন্ত্র্য বজায় রেখে চারদলীয় জোটে অংশ নিয়েছি।’প্রতিবেদকের বক্তব্য: সংবাদ সম্মেলনে মুফতি আমিনী যে কথা বলেছিলেন, প্রথম আলোয় তা হুবহু ছাপা হয়েছে। তাঁর এ বক্তব্য অডিওতে ধারণ করা আছে। ধারণ করা বক্তব্যটি আবারও যাচাই করে দেখা যায়, গতকালের ব্যাখ্যায় মুফতি আমিনী যা বলেছেন, আগের দিনের সংবাদ সম্মেলনে তিনি এর কিছুই বলেননি।