মুফতি আমিনীর বিরুদ্ধে জিডি
বোমা মেরে হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। চকবাজার থানার দায়িত্বরত কর্মকর্তা অমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল সোমবার বিকেলে জিডিটি করেছেন বড় কাটরার হজরত মাওলানা আবদুল ওয়াহ্হাব পীরজি হুজুর ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি মাওলানা রশীদ আহমদ। জিডিতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে আমিনী ২০০৩ সালে ওয়াক্ফ এস্টেটের আওতাধীন হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা দখল করে জঙ্গি আস্তানায় পরিণত করেছেন। মাওলানা রশীদ আহমদ ২৪ এপ্রিল আমিনীর বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন। ওই রাতেই তাঁর মুঠোফানে কল করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। হুমকিদাতা নিজেকে আমিনীর ভক্ত বলে পরিচয় দেয়।এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক ও মুফতি আমিনীর মুখপাত্র ওহালুল্লাহ ওয়াসেল প্রথম আলোকে বলেন, একটা হাস্যকর ও বানোয়াট অভিযোগ এনে আমিনীর বিরুদ্ধে মিথ্যা জিডি করা হয়েছে।