মুফতি ইজহার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিকেলে আদালতে হাজির করার পর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর কৌঁসুলি আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘একটি বিস্ফোরক মামলায় মুফতি ইজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় আমরা তাঁর জামিন চাইনি। কারণ, বিস্ফোরক মামলাটির শুনানি ১০ আগস্ট ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। সেই আদালতে আমরা তাঁর জামিন চাইব।’
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, তিনটি মামলায় মুফতি ইজহারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ কারণে ওই তিন মামলায় রিমান্ড চাওয়ার কোনো সুযোগ নেই।
গত শুক্রবার চট্টগ্রামের লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে।