মুফতি ইজহারসহ ৯ জনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু
চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনার বিস্ফোরক মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবী আংশিক জেরা করেন। পরে আদালত আগামী ১৪ মে সাক্ষীকে জেরার পরবর্তী দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অশোক কুমার দেব জানান, সাক্ষী মামলার বাদী নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম নেওয়াজ আদালতকে জানান, নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মাদ্রাসার পরিচালক মুফতি ইজহারের ছেলে হারুন ইজহারের কক্ষের পাশে থেকে তামার তারসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করে।