মুফতি ইজহারুলের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
হিসাব বিবরণী চেয়ে দুদকের পাঠানো কয়েক দফা নোটিশের জবাব না দেওয়ায় ইজহারুলের বিরুদ্ধে গত বছরের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, সম্পদের হিসাব বিবরণী নোটিশ অমান্য মামলায় ইজহারুলের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এটি গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করবেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চট্টগ্রামে দুদকের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান জানান, মামলাটির বিচারকাজ শেষ হলে দুদক আবার মুফতি ইজহারুলকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেবে। তখন তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান করা হবে।
গত বছরের ৪ অক্টোবর চট্টগ্রামের লালখানবাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় ইজহারুলের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণের তিনটি মামলা হয়। মামলাগুলোর বিচারকাজ চলছে। তিনি পলাতক। মুফতি ইজহারুল লালখানবাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। তিনি ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি।