ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী এবং তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজহারের বিরুদ্ধে অ্যাসিড মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে শুনানির পর আদালত ২৫ জুন আদেশের জন্য দিন ধার্য করেন৷ হারুন ইজহার কারাগারে থাকলেও মুফতি ইজহার ঘটনার পর থেকে পলাতক৷
আসামির আইনজীবী আবদুস সাত্তার জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি৷ তা ছাড়া আসামিদের কাছ থেকে অ্যাসিডগুলো উদ্ধার হয়নি। কোনো আসামির ১৬৪ ধারায় জবানবন্দিও নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলায় আসামিদের ফাঁসানো হয়েছে দাবি করে আদালতে বিষয়টি লিখিতভাবে জানানো হয়।
এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান আদালতে। শুনানি শেষে বিচারক ২৫ জুন আদেশের জন্য দিন ধার্য করেন৷
গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন৷ এ ঘটনায় পুলিশ বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা করে খুলশী থানায়৷ ঘটনার দিন মাদ্রাসার একটি কক্ষ থেকে ১৮টি বোতলে ৫০০ গ্রাম করে নয় হাজার গ্রাম অ্যাসিড উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের গায়ে লেখা আছে, এআরটি, ৫২৮০ পিকরিক অ্যাসিড এক্সট্রা পিউর, লোবা চেমি প্রাইভেট লিমিটেড, মুম্বাই ৪০০০৫, ইন্ডিয়া৷ গত ২৮ মে অ্যাসিড মামলায় অভিযোগপত্র দাখিল করেন খুলশী থানার এসআই লোকমান হোসাইন৷