ইসলামী ঐক্যজোটের (একাংশ) সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে হিসাব বিবরণী নোটিশ অমান্য মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৯ মে আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
এদিকে মুফতি ইজহারের বিরুদ্ধে নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক মামলার বিচার চলছে। তদন্তাধীন রয়েছে হত্যা ও অ্যািসড মামলা।
মুফতি ইজহারুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য হিসাব বিবরণী নোটিশ দাখিল করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু কয়েক দফা নোটিশের পরও তিনি তা দাখিল করেননি। ফলে তাঁর বিরুদ্ধে গত বছর মামলা করে দুদক।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হিসাব বিবরণী নোটিশ অমান্য মামলায় মুফতি ইজহারের বিরুদ্ধে গত ২১ এপ্রিল অভিযোগপত্র আদালতে দেয় দুদক। ২৮ এপ্রিল আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। পাশাপাশি আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল সোমবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় তাঁর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।’
দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী, হিসাব বিবরণী নোটিশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে গত বছরের ১৭ সেপ্টেম্বর মুফতি ইজহারের বিরুদ্ধে দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে খুলশী থানায় মামলা করেছিলেন।