মুফতি ইজাহার ও ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হারুন ইজাহার
মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হারুন ইজাহার

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজাহারের বিরুদ্ধে অ্যাসিড মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসাইন। হারুন ইজাহার বর্তমানে কারাগারে রয়েছেন, তবে মুফতি ইজাহার পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা লোকমান হোসাইন প্রথম আলোকে বলেন, গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়। ঘটনার দিন মাদ্রাসার একটি কক্ষ থেকে ১৮টি বোতলে প্রায় নয় কেজি অ্যাসিড উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে মামলা হলে আলামত পরীক্ষার জন্য উদ্ধার হওয়া অ্যাসিড সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। ল্যাবের প্রতিবেদনে এসব ‘পিকরিক অ্যাসিড’ বলে উল্লেখ করা হয়। এগুলো দিয়ে শক্তিশালী বিস্ফোরক ও হাতবোমা তৈরি করা হয়। তাই এই মামলায় মুফতি ইজাহার ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে ২৫ জনকে সাক্ষী রাখা হয়েছে।
লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় খুলশী থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ। মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করে। পুলিশ সেখান থেকে চারটি তাজা হাতবোমা ও ১৮ বোতল অ্যাসিড উদ্ধার করে। তদন্ত শেষে পুলিশ ইতিমধ্যে বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। সর্বশেষ আজ অ্যাসিড মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।