ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী এবং তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজাহারের বিরুদ্ধে অ্যাসিড মামলায় অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ।
এদিকে মুফতি ইজাহার ও তাঁর ছেলের বিরুদ্ধে একই ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক উদ্ধারের মামলায় বিচার চলছে। হারুন ইজহার কারাগারে থাকলেও মুফতি ইজহার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অ্যাসিড ও দুদকের নোটিশ অমান্য করার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। কিন্তু পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না।
গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার জানান, পলাতক মুফতি ইজাহারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
অ্যাসিড উদ্ধারের মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসাইন প্রথম আলোকে বলেন, ঘটনার দিন মাদ্রাসার একটি কক্ষ থেকে ১৮টি বোতলে ৫০০ গ্রাম করে নয় হাজার গ্রাম অ্যাসিড উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের গায়ে লেখা আছে, এআরটি, ৫২৮০ পিকরিক অ্যাসিড এক্সট্রা পিউর, লোবা চেমি প্রাইভেট লিমিটেড, মুম্বাই, ৪০০০৫ ইন্ডিয়া। পরে এ ঘটনায় অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে মামলা হলে আলামত পরীক্ষার জন্য (ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অ্যাসিড) সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। ল্যাবের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, এগুলো পিকরিক অ্যাসিড। এগুলো দিয়ে শক্তিশালী বিস্ফোরক ও হাতবোমা তৈরি করা যেত। তাই মুফতি ইজাহার ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। এতে ২৫ জনকে সাক্ষী রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
জানতে চাইলে আসামি মুফতি ইজাহার ও হারুন ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, এটি সরকারের সাজানো নাটক। রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। ঘটনার পরদিন মারা যান আসামি হাবিব, পরদিন মারা যান জোবায়ের। সর্বশেষ মারা যান নূরনবী। এ ঘটনায় পুলিশ খুলশী থানায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ চারটি তাজা হাতবোমা উদ্ধার করে। তদন্ত শেষে পুলিশ বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দাখিল করে। তদন্তাধীন রয়েছে হত্যা মামলাটি।