মুফতি ইজাহার ও তাঁর ছেলেসহ ৯ জনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা একটি মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি এবং হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলেসহ নয়জনের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালত অভিযোগ গঠন করার মধ্য দিয়ে এ বিচারকাজ শুরু করেন। আদালত ২৮ এপ্রিল সাক্ষ্য গ্রহণেরও দিন ধার্য করেন। নয়জন আসামির মধ্যে মুফতি ইজাহার পলাতক থাকলেও তাঁর ছেলে হারুন ইজাহারসহ অন্য আসামিরা গতকাল আদালতে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে জানান, গতকাল আদালতে মুফতি ইজাহারসহ ওই আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার তাঁদের নির্দোষ দাবি করেন। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলায় তাঁদের জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। শুনানি শেষে বিচারক নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
পিপি কামাল উদ্দিন আহাম্মদ আরও জানান, বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় মুফতি ইজাহার, ছেলে হারুন ইজাহার, সহযোগী আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ, মোহাম্মদ জুনায়েদসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
গতকাল আদালতে মামলার আটজন আসামিকে কারাগার থেকে হাজির করা হয়। মুফতি ইজাহার উচ্চ আদালত থেকে এ মামলায় জামিন নেন। তবে জামিনের মেয়াদ গত ২৫ মার্চ শেষ হয়ে গেছে। পরে গত ২৭ মার্চ মামলাটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার জানান, অসুস্থ থাকায় মুফতি ইজাহার যথাসময়ে হাজির হতে না পারায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। কিন্তু আদালত তা নামঞ্জুর করেন। অন্যদিকে কারাগারে আটক বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করে মামলাটি খারিজের আবেদন করা হলে তা-ও (আবেদন) খারিজ করে দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. লোকমান হোসাইন গত ১০ ফেব্রুয়ারি ওই নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। গত বছরের ৭ অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে ওই বিস্ফোরণ ঘটে বলে দাবি করছে। তবে ঘটনাস্থল থেকে পুলিশ চারটি হাত বোমা, অ্যাসিডসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। ঘটনাটিতে বিস্ফোরক দ্রব্য, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিন মামলা করে পুলিশ। এর মধ্যে বিস্ফোরক মামলায় নয়জনের বিরুদ্ধে পুলিশ ওই অভিযোগপত্র দেয়। বাকি দুই মামলার তদন্ত চলছে। এ দুটি মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।