মুফতি ইজাহার ও হুজির পাঁচ সদস্যের রিমান্ড মঞ্জুর
দুটি মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী গতকাল বৃহস্পতিবার রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন। চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে র্যাব চট্টগ্রাম নগরের লালখান বাজারের একটি মাদ্রাসা থেকে মুফতি ইজাহারকে গ্রেপ্তার করে। তাঁকে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় আদালত প্রতি মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, একই আদালত ওই দুই মামলার প্রতিটিতে হুজির প্রশিক্ষক আবুল ফারহা রুম্মান, মো. সালাহউদ্দিন হোসাইনী, আবদুল্লাহ আল আমিন, আবুল কালাম এবং মাহফুজুর রহমানেরও গতকাল তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।