মুফতি ইজাহার, তাঁর ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজাহারসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল বুধবার চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা তৈরির সময় তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় এ অভিযোগপত্র দেওয়া হয়৷ অভিযোগপত্রভুক্ত অপর তিনজন হলেন জুনায়েদ, হাবিবুর রহমান ও মোহাম্মদ ইসহাক।
এদিকে মুফতি ইজাহার ও তাঁর ছেলের বিরুদ্ধে একই ঘটনায় করা বিস্ফোরক ও অ্যাসিড উদ্ধারের মামলায়ও বিচার চলছে। হারুন ইজাহার কারাগারে থাকলেও মুফতি ইজাহার পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক শাহ আলম জানান, তদন্ত ও সাক্ষ্যে প্রমাণিত হয়েছে, মুফতি ইজাহার ও তাঁর ছেলের পৃষ্ঠপোষকতায় বোমা তৈরি করা হচ্ছিল। তাঁদের সহযোগী হিসেবে ছিলেন জুনায়েদ, হাবিবুর রহমান ও ইসহাক। অভিযোগপত্রে ২৩ জনকে সাক্ষী রাখা হয়েছে।
গত ৭ অক্টোবর ওই ঘটনায় হাবিব, জোবায়ের ও নুরনবী মারা যান। মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণ ঘটে বলে দাবি করলেও পুলিশ চারটি বোমা উদ্ধার করে।