মুফতি ইজাহারকে রিমান্ডের আবেদন শুনানি রোববার
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ইজাহারুল ইসলাম চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আদালত রিমান্ডের আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মুফতি ইজাহারকে গত বুধবার বিকেলে চট্টগ্রামের লালখান বাজারের একটি মাদ্রাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সূত্র জানায়, র্যাব গতকাল তাঁকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাঁকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় রাউজান থানার পুলিশ। এর আগে রোববার আটক পাঁচজনও এই মামলায় গ্রেপ্তার রয়েছে।র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘মুফতি ইজাহারকে আমরা জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছি। তাঁর সঙ্গে হুজির সম্পৃক্ততা আছে বলে ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া হুজির পাঁচ সদস্য জানিয়েছেন।’