মুফতি ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের আদালতে এই অভিযোগ গঠন করা হয়।এ মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন: ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সহসভাপতি মাওলানা সাব্বির, মাহফুজুর রহমান, রুম্মান, আবদুল্লাহ, নোমান, সালাহউদ্দিন, আজিজুর ও সাত্তার। এঁদের মধ্যে নোমান পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আগামী ১১ জুলাই এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আইন অনুসারে ছয় মাসের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ হবে।’ আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১২ ও ১৩ ডিসেম্বর রাউজানের গহিন অরণ্যে অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ হরকাতুল জিহাদের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় রাউজান থানায় একটি মামলা হয়। পরে গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের সদস্যদের দেওয়া স্বীকারোক্তি মতে, ২০১০ সালের ১৫ ডিসেম্বর নগরের লালখান বাজার এলাকায় নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে মুফতি ইজাহারকে গ্রেপ্তার করা হয়। গত মার্চ মাসে মুফতি ইজাহারসহ নয়জনকে আসামি করে ওই মামলায় আদালতে অভিযোগপত্র দেয় রাউজান থানার পুলিশ। মুফতি ইজাহারুল ইসলামের আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ গঠনের সময় মুফতি ইজাহারুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। এই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। এ মামলার আরেক আসামি মাওলানা সাব্বিরকে ঢাকা থেকে এনে আদালতে হাজির করা হয়।’