চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা বিস্ফোরক মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন বিচারক।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, মুফতি ইজাহারসহ নয়জন আসামির বিরুদ্ধে পুলিশের দাখিল করা অভিযোগপত্রটি গ্রহণ করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. লোকমান হোসাইন গত ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্রটি জমা দেন। গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় পুলিশ খুলশী থানায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে। এর মধ্যে বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে মুফতি ইজাহারকে এ মামলায় জড়ানো হয়েছে। এ মামলায় তিনি জামিনে রয়েছেন। এক আসামি পলাতক। বাকি সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।