চট্টগ্রামের মাদ্রাসায় বিস্ফোরণ
মুফতি ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের শুনানি পেছাল
চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনার বিস্ফোরক মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণের শুনানি ফের পিছিয়েছে।
রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে আগামী ২ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে ১৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকলেও সময়ের আবেদন করলে তা পিছিয়ে দেন আদালত।
মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশের দাখিল করা অভিযোগপত্রটি ও মামলার নথি পর্যালোচনা করছি। এ জন্য সময়ের আবেদন করা হয়েছে আদালতে। অভিযোগপত্রে কোনো ত্রুটি থাকলে রাষ্ট্রপক্ষ থেকে নারাজি দেওয়া হবে।’
এদিকে মামলার আসামি হারুন ইজাহারসহ অন্যদের কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. লোকমান হোসাইন ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্রটি জমা দেন। গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় পুলিশ বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে খুলশী থানায়। এর মধ্যে বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার বলেন, উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন মুফতি ইজাহার। অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হননি।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে রয়েছে, মুফতি ইজাহার ও তাঁর ছেলে ছাড়া অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ।