মুফতি ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ। এঁদের মধ্যে মুফতি ইজাহার ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
এদিকে ঘটনার পর পরই মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ চারটি তাজা হাতবোমা উদ্ধার করে। দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আসামিরা নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরকগুলো মজুত করেন বলে অভিযোগপত্রে পুলিশের দাবি।
গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ খুলশী থানায়। এর মধ্যে বিস্ফোরক মামলায় অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকতা খুলশী থানার এসআই মো. লোকমান হোসেন গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, ‘বিস্ফোরক মামলায় মুফতি ইজাহার, তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। কাল সোমবার আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হতে পারে।’
আসামিরা কারাগারে ও পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা যায়নি। তবে মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় মুফতি ইজাহার ও তাঁর ছেলেকে জড়ানো হয়েছে।
অভিযোগপত্রে রয়েছে, মুফতি ইজাহার ও তাঁর ছেলে ছাড়া অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহামঞ্চদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহামঞ্চদ জুনায়েদ। তাঁদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিল করা হচ্ছে।
অভিযোগপত্রে ঘটনাস্থল থেকে ১৫টি জব্দকৃত আলামতের বর্ণনা রয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহামঞ্চদ বলেন, ‘লালখান মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কর্মকর্তা তদন্তের সারসংক্ষেপ সাক্ষ্য সঞ্চারক (এমই) তৈরি করে আমার মতামত চেয়েছেন। আমি তদন্ত কর্মকর্তার সঙ্গে একমত পোষণ করে মুফতি ইজাহার ও হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে সুপারিশ করেছি।’