মুফতি ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফো-রণের ঘটনায় ইসলামী ঐক্য-জোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইস-লামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. লোকমান হোসাইন।
গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করে খুলশী থানায়। এর মধ্যে বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার পরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ চারটি তাজা হাতবোমা উদ্ধার করে। দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আসামিরা নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরকগুলো মজুত করেন বলে অভিযোগপত্রে পুলিশের দাবি।
আদালত সূত্রে জানা গেছে, মুফতি ইজাহার ও তাঁর ছেলে ছাড়া অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ। তাঁদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিল করা হচ্ছে।
এজাহারভুক্ত আসামি নূর নবী, হাবিবুর রহমান ও জোবায়ের আহমদ মৃত্যুবরণ করায় এবং আসামি ইকবালের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করতে না পারায় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। এ ছাড়া সন্ধিগ্ধ গ্রেপ্তার আসামি সারাফাতুল ইসলাম, ফরহাদ, মোস্তফা কামাল ও শাহীনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন এসআই লোকমান হোসাইন।
লোকমান হোসাইন প্রথম আলোকে বলেন, ‘বিস্ফোরক মামলায় মুফতি ইজাহার, তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ৪৬ জন সাক্ষী রয়েছে।’
আসামিরা কারাগারে ও পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা যায়নি। তবে মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করতে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় মুফতি ইজাহার ও তাঁর ছেলেকে জড়ানো হয়েছে।’