মুফতি ইজাহারসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজাহারসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম আদালতের জিআর শাখায় অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
বাকি তিন আসামি হলেন জুনায়েদ, হাবিবুর রহমান ও ইসাহাক। মুফতি ইজাহার ঘটনার পর থেকে পলাতক। হারুন ইজাহারসহ অন্যরা কারাগারে আছেন।
অভিযোগপত্র জমা দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে শাহ আলম প্রথম আলোকে জানান, ‘গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলে তদন্ত শেষে এই পাঁচ আসামির বিরুদ্ধে তথ্যের সত্যতা পাওয়া যায়। অভিযোগপত্রে ২৩ জনকে সাক্ষী রাখা হয়েছে।’
এর আগে লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক ও অ্যাসিড উদ্ধারের মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই দুটি মামলায় বিচার চলছে।
গত বছরের ৭ অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ চারটি তাজা হাতবোমা উদ্ধার করে।