মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা তিন মামলার একটিতে (বিস্ফোরক মামলা) গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রশিদের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ৬ এপ্রিল এ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেন আদালত।
চট্টগ্রাম মহানগরের পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন আহাম্মদ বলেন, মুফতি ইজাহারসহ নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ছিল গতকাল। কারাগার থেকে মামলার আট আসামিকে আদালতে হাজির করা হয়। কিন্তু উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ ২৫ মার্চ শেষ হলেও মুফতি ইজাহার হাজির হননি। এ অবস্থায় অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার জানান, অসুস্থ থাকায় মুফতি ইজাহার গতকাল হাজির হতে পারেননি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত তা নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক মো. লোকমান হোসাইন গত ১০ ফেব্রুয়ারি মামলায় অভিযোগপত্র জমা দেন।
গত বছরের ৭ অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। ওই ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে খুলশী থানার পুলিশ।