মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।
সম্পদের বিবরণী দাখিলের নোটিশ অমান্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইজাহারের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে জানান, মুফতি ইজাহারের বিরুদ্ধে দুদকের করা নোটিশ অমান্যের মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক ইজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
একই অভিযোগে ২১ এপ্রিল ইজাহারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। দুদকের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।
ইজাহারকে সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছিল দুদক। কিন্তু তিনি তা দাখিল না করায় গত বছর তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান প্রথম আলোকে জানান, মামলাটির বিচারকাজ শেষ হলে দুদক আবার মুফতি ইজাহারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেবে। তখন তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান করা হবে।
মুফতি ইজাহার লালখানবাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। দুদক সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে ওই মাদ্রাসার কোটি কোটি টাকা ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে খরচের অভিযোগ আছে। ২০১২ সালের ১৭ মে এ-সংক্রান্ত একটি অভিযোগ জমা হয় দুদক কার্যালয়ে। এর পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধানে নামে দুদক।
অনুসন্ধানে মুফতি ইজাহার ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পদের খোঁজ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে ৪ জুলাই তাঁর বরাবর সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করা হয়। দুদক আইনের ২৬ (২) ধারায় তাঁকে সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি কিংবা নোটিশ দাখিলের সময়সীমা বাড়ানোর কোনো আবেদন করেননি।
দুদক আইনের ২৬ (২) ধারা অনুযায়ী, সম্পদ বিবরণী নোটিশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে গত বছরের ১৭ সেপ্টেম্বর মুফতি ইজাহারের বিরুদ্ধে দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। ২১ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক।
গত বছরের ৪ অক্টোবর লালখানবাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজাহারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণের তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর বিচারকাজ চলছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।