মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ অমান্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আগামী ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য সম্পদ বিবরণী নোটিশ দাখিল করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু কয়েক দফা নোটিশের পরও তিনি তা দাখিল করেননি। ফলে তাঁর বিরুদ্ধে গত বছর মামলা করে দুদক।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘সম্পদ বিবরণী নোটিশ অমান্য মামলায় মুফতি ইজাহারের বিরুদ্ধে ২১ এপ্রিল অভিযোগপত্র আদালতে দেয় দুদক। গতকাল সোমবার আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে আগামী ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেন। পাশাপাশি আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী, সম্পদ বিবরণী নোটিশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ।