মুফতি ইজাহারের বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় হত্যা ও অ্যাসিড মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আকতার কাকন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবারও মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালত বিস্ফোরণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহামঞ্চদ রেজাউল মাসুদ প্রথম আলোকে জানান, লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনার হত্যা ও অ্যাসিড মামলায় ধার্য দিন ছিল গতকাল রোববার। কারাগার থেকে মামলার বাকি আট আসামিকে হাজির করা হয়। কিন্তু মুফতি ইজাহার হাজির হননি। উচ্চ আদালত থেকে তাঁর এ মামলায় নেওয়া জামিনের মেয়াদ ২৭ মার্চ শেষ হয়ে যায়। তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার জানান, অসুস্থ থাকায় মুফতি ইজাহার হাজির হতে না পারায় জামিনের আবেদন করা হয়। আদালত তা নামঞ্জুর করে দেন।