মুফতি ইজাহারের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদ বিবরণী নোটিশ অমান্য মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।
ইজাহারুল ইসলাম চৌধুরীকে সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছিল দুদক। কিন্তু তিনি তা দাখিল না করায় গত বছর তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন,‘সম্পদ বিবরণী নোটিশ অমান্য মামলায় মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এটি গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করবেন আদালত।’
মামলাটির তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মামলাটির বিচারকাজ শেষ হলে দুদক আবারও মুফতি ইজাহারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেবে। তখন তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান করা হবে।’
মুফতি ইজাহার লালখানবাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। দুদক সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে ওই মাদ্রাসার কোটি কোটি টাকা ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে খরচের অভিযোগ আছে। ২০১২ সালের ১৭ মে এ-সংক্রান্ত একটি অভিযোগ জমা হয় দুদক কার্যালয়ে। এর পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধানে নামে দুদক।
অনুসন্ধানে মুফতি ইজাহার ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পদের খোঁজ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে ৪ জুলাই তাঁর বরাবর সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করা হয়। দুদক আইনের ২৬ (২) ধারায় তাঁকে সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি কিংবা নোটিশ দাখিলের সময়সীমা বাড়ানোর কোনো আবেদন করেননি।
দুদক আইনের ২৬ (২) ধারা অনুযায়ী, সম্পদ বিবরণী নোটিশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে গত বছরের ১৭ সেপ্টেম্বর মুফতি ইজহারের বিরুদ্ধে দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। আজ এ মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক।
প্রসঙ্গত, গত বছরের ৪ অক্টোবর লালখানবাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজহারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণের তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর বিচারকাজ চলছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।