মুফতি ইজাহারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় গতকাল মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপসহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে দুদক আইনের ২৬(২) ধারায় এ মামলা করেন।
দুদক সূত্রে জানা গেছে, সম্পদ বিবরণী জমা দিতে গত ৪, ১১ ও ২৮ জুলাই তাঁকে নোটিশ দেওয়া হয়েছিল। সাত কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি নোটিশ গ্রহণ করেননি।
সিরাজুল হক প্রথম আলোকে বলেন, দুদকের একটি তদন্তে মুফতি ইজাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার ধারণা পাওয়া যায়। এ জন্য তাঁকে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য তিন দফা নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নোটিশ গ্রহণ করেননি এবং যথাসময়ে সম্পদ বিবরণী জমা দেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মুফতি ইজাহারের আয়ের চেয়ে ব্যয় ও সম্পদ অনেক বেশি। আমাদের তদন্তে দেখা গেছে, তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে জানতে তাঁকে নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি তা গ্রহণ করেননি।