মুফতি ওয়াক্কাস ১৫ দিনের রিমান্ডে
হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে রাজধানীর মতিঝিল ও পল্টন থানার পাঁচটি মামলায় তিন দিন করে মোট ১৫ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এই আদেশ দেন।
হত্যা, লুটপাট, পুলিশের কর্তব্যকাজে বাধা, অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় করা এই পাঁচ মামলায় ১০ দিন করে ৫০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ৩ সেপ্টেম্বর এই আবেদন করা হয়।
গতকাল রিমান্ড শুনানির আগে মুফতি ওয়াক্কাসকে আদালতে হাজির করা হয়। তাঁর জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের পরিচয় জানতে এবং পলাতক আসামিদের নাম-ঠিকানা জানার জন্য ওই রিমান্ডের আবেদন করা হয়েছে।
ওয়াক্কাসের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মহসীন মিয়া আদালতে বলেন, ৫ মে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বিনা উসকানিতে গুলি করে পাখির মতো মানুষ খুন করে এবং শত শত মানুষকে আহত করে। ওই ঘটনায় করা মিথ্যা মামলায় মুফতি ওয়াক্কাসকে জড়িত করা হয়েছে। এজাহারেও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই।
সাবেক সাংসদ মুফতি ওয়াক্কাস বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির।