মুফতি ওয়াক্কাসকে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে মতিঝিল থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁকে হাজির করে দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।
মহানগর হাকিম মোহাম্মদ এরফানুল্লাহ মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ ৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। গত সোমবার বেলা দুইটার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার শামসুল উলুম মাদ্রাসা থেকে মুফতি ওয়াক্কাসকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির দিনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগে ওয়াক্কাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওয়াক্কাস বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির। তিনি এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি যশোরের একটি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে তাঁকে আটক করেছিল পুলিশ।