মুফতি ওয়াক্কাসের ব্যক্তিগত সহকারী রেজাউল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে আটক হেফাজতে ইসলামের নেতা ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের ব্যক্তিগত সহকারী রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর শান্তিনগর থেকে গত সোমবার রাতে পল্টন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
দলীয় সূত্র জানায়, রেজাউল করিম জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক। পল্টন থানার পুলিশ গতকাল মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে রেজাউল করিমকে হাজির করে তাঁকে হেফাজতে ইসলামের নড়াইল জেলা কমিটির সদস্যসচিব দাবি করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। রেজাউলের আইনজীবীরা তাঁর বাড়ি খুলনায় দাবি করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন। পরে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।