উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীকে গতকাল সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে হাজির করা হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে বরগুনা সদর থানায় দায়ের করা একটি মামলায় জসীমউদ্দিন রাহমানিসহ তাঁর ৩০ জন অনুসারীর বিচার কার্যক্রম চলছে।
এ মামলায় তাঁর অনুসারী অপর ৩০ জন আসামি জামিনে রয়েছেন। গতকাল তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক আগামী ১৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, জসীমউদ্দিন রাহমানিসহ ৩১ জনের বিরুদ্ধে বরগুনা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (দণ্ডবিধির ২৯২/১২৪-ক ধারায়) দায়ের করা মামলায় গত ১২ মে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়।
২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা গ্রামের একটি বাড়িতে বৈঠককালে মুফতি জসীমউদ্দিনসহ তাঁর ৩১ অনুসারীকে আটক করে বরগুনা থানার পুলিশ। জসীমউদ্দিন মারকাজুল উলুম আল-ইসলামিয়া নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। এই মারকাজুলের অধীনে তিনি ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে ধর্মীয় উগ্র মতবাদ প্রচার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
জসীমউদ্দিনের বাড়ি বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামে।