মুফতি জসীমউদ্দিনকে ঢাকায় আনা হয়েছে
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় আনা হয়েছে। বরগুনার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর হলেও ঢাকায় তাঁকে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে (জেআইসি) জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। কারাগার সূত্রে জানা যায়, গতকাল ভোর পাঁচটার দিকে মুফতি জসীমকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরগুনা কারাগার থেকে প্রথমে স্থানীয় পুলিশ লাইনসে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে সেখান থেকে গাড়িতে করে কঠোর গোপনীয়তার সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যায় পুলিশের ওই দলটি। বরগুনা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোবাশ্বের আলীর নেতৃত্বে বিকেলে মুফতি জসীমকে নিয়ে দলটি ঢাকায় পৌঁছায়। এর আগে গত বুধবার দুপুরে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যে মুফতি জসীমউদ্দিনকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে গোয়েন্দা পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।বরগুনার পুলিশ সুপার বিষয়টি স্বীকার করে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বুধবার রাতে প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকালে মুফতি জসীমকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় জেআইসিতে পাঠানো হয়েছে। সেখানে ব্লগার রাজিব হত্যা ও আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টা মামলায়ও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।