মুফতি জসীমকে রিমান্ডে নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যাচেষ্টা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসীমউদ্দীন রাহমানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন আদালতে জসীমকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামি মুফতি জসীমউদ্দীনের বিরুদ্ধে আসিফকে হত্যাচেষ্টার পরিকল্পনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ রয়েছে। এই মামলায় গ্রেপ্তার অপর এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁর নাম প্রকাশ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ১৫ জানুয়ারি রাতে উত্তরায় হামলার শিকার হন আসিফ মহিউদ্দিন। ১০ আগস্ট মুফতি জসীমসহ ৩১ জনকে বরগুনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২৭ আগস্ট মুফতি জসীমকে ব্লগার রাজিব হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।