মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকাল
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী গতকাল মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।মুফতি আমিনীর জামাতা মাওলানা সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাত নয়টার দিকে বাবা শ্বাসকষ্ট অনুভব করেন। তাঁকে দ্রুত ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ২০ মিনিটে তিনি মারা যান।’ রাত একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমিনীর পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।আমিনী রাজধানীর লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের জামাতা।মুফতি আমিনী আশির দশকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল খেলাফত আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে আসেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।আমিনী ধর্মভিত্তিক একাধিক দলের মোর্চার সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।