মুফতি হান্নান ও জুয়েলকে কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় করা দুটি মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। আজ সোমবার জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল-আমিনের আদালতে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করা যায়নি।

মামলার সাক্ষ্য গ্রহণ উপলক্ষে আদালতে হাজির অভিযুক্ত তিন আসামির মধ্যে হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান ও নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত উল্লাহ জুয়েলকে কারাগারে প্রেরণ এবং জামিনে থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকুর জামিন বহাল রেখেছেন আদালত। আদালত আগামী ১২ আগস্ট পুনরায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।

মামলার সাক্ষী ও বাদী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, শহরের ৯৬ নম্বর উত্তর চাষাঢ়া এলাকার সুমন ও ২২/১৬ উত্তর চাষাঢ়া এলাকার তারিক আউয়াল সাক্ষ্য দিতে না আসায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি।

পাবলিক প্রসিকিউটর মো. আসাদুজ্জামান জানান, আদালত সমন দিয়ে মামলার দিন সাক্ষীকে আদালতে হাজির হতে বললেও তাঁরা আসেননি। তাই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। তিনি আরও জানান, আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় ছয়জনকে আসামি করে ২০১৩ সালের ২ মে চাষাঢ়া আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হন। আহত হন শতাধিক নেতা-কর্মী। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।