মুফতি হান্নান ও দুই জঙ্গির ফাঁসি কার্যকর করতে মঞ্চ প্রস্তুত

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর দুই সহযোগী শরীফ শাহেদুল ওরফে বিপুল এবং দেলোয়ার হোসেন রিপনের দণ্ড কার্যকর করতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, আজ বুধবার ফাঁসির রায় কার্যকর করা হতে পারে।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্র বলেছে, হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ও শরীফ শাহেদুল রয়েছেন এই কারাগারে। গতকাল মঙ্গলবার ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। শামিয়ানা টাঙানো হয়। জল্লাদদেরও প্রস্তুত রাখা হয়েছে।
দুপুরে কারা কর্তৃপক্ষ মুফতি হান্নান ও শরীফ শাহেদুলের সঙ্গে দেখা করার জন্য তাঁদের স্বজনদের ফোন করে। তবে সন্ধ্যা পর্যন্ত দেখা করতে স্বজনেরা কারাগারে যাননি। হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, মুফতি হান্নানসহ দুই জঙ্গির ফাঁসির রায় কার্যকর করার বিষয়টি তাঁদের জানানো হয়েছে।
বিকেলে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ কাশিমপুর কারাগার পরিদর্শন করেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা অপর জঙ্গি দেলোয়ারের ফাঁসির আদেশ-সংক্রান্ত চিঠি গতকাল সকাল পৌনে ১০টার দিকে ওই কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষের ডাক পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী, বাবা, মা ও ভাই তাঁর সঙ্গে দেখা করেন। এর আগে রোববার তাঁরাসহ পরিবারের ১১ জন সদস্য তাঁর সঙ্গে দেখা করেছিলেন।
পরিবারের সঙ্গে দেলোয়ারের এটাই শেষ দেখা কি না, জানতে চাইলে সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ছগির মিয়া বিকেলে প্রথম আলোকে বলেন, চাইলে আবারও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে।