মুফতি হান্নান রিভিউ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুফতি আবদুল হান্নান
মুফতি আবদুল হান্নান

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় ফাঁসির দণ্ড পাওয়া হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন বলে জানিয়েছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর তিনি আইনজীবীর মাধ্যমে এ কথা জানিয়েছেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পাঁচ দিন আগে মৃত্যু পরোয়ানা কারাগারে এলে তা মুফতি হান্নান ও একই দণ্ডপ্রাপ্ত শরিফ শাহেদুল আলমকে পড়ে শোনানো হয়। মুফতি হান্নান আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে তাঁর আইনজীবী তাঁকে জানিয়েছেন। সব আইনি প্রক্রিয়া শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর আসামি দেলোয়ার হোসেন সিলেট কারাগারে আটক রয়েছেন। সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ছগির মিয়া বলেন, দেলোয়ারকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। তিনি রিভিউ আবেদন করার জন্য গতকাল ওকালতনামায় সই করেছেন।
কারাসূত্র বলেছে, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। ফেরার পথে ফটকের কাছে গ্রেনেড হামলায় আনোয়ার চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন, নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল জঙ্গিনেতা মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গত বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। গত ৭ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মুফতি হান্নানসহ তিন জঙ্গির আপিল শুনানি শেষে আপিল বিভাগ খারিজ করেন। গত ১৭ জানুয়ারি আপিল বিভাগের ৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। দণ্ডিত দুই আসামিও কারাগারে আছেন।
নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে হবে। ওই আবেদন খারিজ হলে আসামিরা দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে দণ্ডাদেশ কার্যকরে আর কোনো বাধা থাকবে না। তবে রাষ্ট্র চাইলে দণ্ডাদেশ কার্যকরের প্রস্তুতি নিতে পারে।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মুফতি হান্নানসহ দুজনের মৃত্যু পরোয়ানা আমরা হাতে পেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়াগুলো শেষ করে দণ্ড কার্যকর করা হবে।’
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ ১৩টি নাশকতামূলক ঘটনায় শতাধিক ব্যক্তিকে হত্যার পেছনের মূল হোতা হিসেবে মুফতি হান্নানের নাম উঠে আসে। মুফতি হান্নানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় শেখ হাসিনার সভামঞ্চের কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় করা মামলারও আসামি মুফতি হান্নান।