মুফতি হান্নানকে আদালতে হাজির পরবর্তী তারিখ ২২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা-সংক্রান্ত রাষ্ট্রদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ আবারও পিছিয়েছে। পুলিশের অপরাধ দমন বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমানসহ তিনজন সাক্ষী অনুপস্থিত থাকায় এ তারিখ পিছিয়ে যায়। আদালত আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম মুরশেদের আদালতে গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনা হত্যাচেষ্টা-সংক্রান্ত রাষ্ট্রদ্রোহ মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণের কথা ছিল। এ তিনজন হলেন: সিআইডির সাবেক সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান, আহাদ হোসেন ও মুরাদ হোসেন। সরকারি সহকারী কৌঁসুলি সুভাষ জয়ধর অনুপস্থিত সাক্ষীদের পক্ষে সময় চেয়ে আবেদন করলে আদালত আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।এদিকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থায় প্রধান আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুন্সিসহ নয়জনকে গতকাল আদালতে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় মোট আসামি ১৫ জন। এর মধ্যে ছয়জন জেলহাজতে, তিনজন জামিনে এবং বাকি ছয়জন পলাতক আছেন।উল্লেখ্য, ২০০০ সালের জুলাইয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ও হেলিপ্যাড এলাকা থেকে ৭৬ কেজি ওজনের শক্তিশালী দুটি বোমা উদ্ধার করা হয়। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তাঁর অনুসারীরা দূরনিয়ন্ত্রিত এ বোমা দুটো পুঁতে রাখেন।অপরদিকে একই আদালতে বানিয়ার চর গির্জায় বোমা বিস্ফোরণ ও হত্যা মামলার রিমান্ড শুনানির তারিখ ছিল গতকাল। এ দুই মামলায় দুজন জঙ্গি মাওলানা শেখ ফরিদ ও মাওলানা সাব্বিরের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিআইডির তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান ১০ দিন রিমান্ডের আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করেন। আগামী ২২ সেপ্টেম্বর মামলাগুলোর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।