মুফতি হান্নানকে গ্রেনেড দিয়েছিলেন পিন্টুর ভাই তাজউদ্দিন
২১ আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহূত গ্রেনেড সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন জঙ্গিনেতা মুফতি হান্নানকে সরবরাহ করেছিলেন।
আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর সৈয়দ মনিরুল ইসলাম (বরখাস্ত) তাঁর সাক্ষ্যে এ কথা বলেন।
বিচারক শাহেদ নুর উদ্দিন ২৭ মে আসামিপক্ষে জেরার জন্য দিন ধার্য করেছেন। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
সাক্ষী সৈয়দ মনিরুল ইসলাম তাঁর সাক্ষ্যে বলেন, ২০০৫ সালে একযোগে দেশজুড়ে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সময় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১ অক্টোবর জঙ্গিনেতা মুফতি হান্নানকে গ্রেপ্তার করা হয়।
সাক্ষী তাঁর সাক্ষ্যে বলেন, মুফতি হান্নানকে র্যাবের টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলা করার কথা স্বীকার করেন। ২০০৬ সালে হরকাতুল জেহাদের নেতা শরীফ সাহেদুল আলম ওরফে বিপুলকে আটক করা হয়। আসামি বিপুলও জিজ্ঞাসাবাদে জানান, ওই বোমা হামলাগুলোতে মুফতি হান্নান ও তাঁর ভাই মহিবুল্লাহ ওরফে অভি সরবরাহ করেছে। টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান স্বীকার করেন তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা ও হামলার সঙ্গে জড়িত ছিলেন।
২০০৯ সালের ৩ ডিসেম্বর সৈয়দ মনিরুল ইসলাম আদালতে জবানবন্দি দেন। তাতে তিনি বলেছিলেন, হামলার আগে হরকাতুল জিহাদের মাওলানা আবু তাহের, মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দিনের বড় ভাই সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসায় হামলার পরিকল্পনা করেন। গ্রেনেড হামলাকারীদের নিরাপত্তার জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর সর্বাত্মক সহায়তা করেন। তবে আজ দেওয়া সাক্ষ্যে তিনি এসব তথ্য এড়িয়ে যান।
আজ পর্যন্ত এই মামলায় ৮৪ জন সাক্ষ্য দিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।