১৬ বছর আগে রমনা বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় মুফতি হান্নানসহ আট আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে।
গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রথম দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ সোমবার আবার শুনানি হওয়ার কথা রয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে উপস্থাপন চলছে। এজাহার, অভিযোগপত্র ও সাক্ষী উপস্থাপন করা হয়েছে। ৬১ জন সাক্ষীর মধ্যে গতকাল পেপারবুক থেকে বেশির ভাগ সাক্ষী উপস্থাপন শেষ হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল ইসলাম মাতুব্বর ও ইউসুফ মাহমুদ মোর্শেদ। মুফতি হান্নানের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।
বিচারিক আদালত রমনা বটমূলে হামলার ঘটনায় করা হত্যা মামলার রায় দেন ২০১৪ সালের ২৩ জুন। আটজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মধ্যে সাতজন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি-বি) শীর্ষস্থানীয় নেতা।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মুফতি আবদুল হান্নান, মুফতি আবদুল হাই, মুফতি শফিকুর রহমান, মাওলানা আকবর হোসেন, মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার ও আরিফ হাসান ওরফে সুমন। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মাওলানা শেখ ফরিদ, মুফতি আবদুর রউফ, হাফেজ ইয়াহিয়া ও মাওলানা আবু তাহের, সাব্বির, শাহাদাত উল্লাহ ওরফে জুয়েলকে। আসামি তাজউদ্দিন, জাহাঙ্গীর আলম, আবু বকর, শফিকুর ও আবদুল হাই পলাতক।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুসারে, আসামিদের ডেথ রেফারেন্সের সঙ্গে সাতজনের করা ছয়টি আপিলের শুনানির জন্য রয়েছে। এর মধ্যে মুফতি হান্নান, আকবর হোসেন, সুমন, শাহদাত উল্লাহ ও আবু তাহের পৃথক আপিল করেছেন। শেখ ফরিদ ও মো. ইয়াহিয়া দুজন মিলে করেছেন একটি আপিল।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বোমা হামলা হয়। এতে নিহত হয় ১০ জন। এই ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়। বিস্ফোরক মামলাটির বিচার এখনো শেষ হয়নি।