১৫ বছর আগে রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ আট আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ২১৬ নম্বরে এই ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য ছিল। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, পরপর দুদিন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল। তবে শুনানি শুরু হয়নি। অবকাশের পর আগামী মাসে শুনানি শুরু হতে পারে।
আজ বৃহস্পতিবার থেকে আগামী ১ মে পর্যন্ত হাইকোর্টে অবকাশ থাকবে। ২ মে থেকে উচ্চ আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হবে।
২০০১ সালের ১৪ এপ্রিল রাজধানীর রমনার বটমূলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা হয়। তাতে ১০ জন নিহত হন। ওই ঘটনায় করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ আট আসামিকে ২০১৪ সালের ২৩ জুন মৃত্যুদণ্ডের আদেশ দেন ঢাকার দায়রা জজ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন হুজি নেতা মুফতি আবদুল হাই, মুফতি শফিকুর রহমান, মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে সেলিম হাওলাদার, মাওলানা আকবর হোসাইন ও আরিফ হাসান। তাঁদের মধ্যে পাঁচজন পলাতক। এ ছাড়া এ মামলায় হুজির আরও ছয় জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
মৃত্যুদণ্ডের এ রায় অনুমোদনের জন্য পরে হাইকোর্টে আসে। এ ছাড়া কারাগারে থাকা আসামিরা আপিল করেন। পেপারবুক তৈরির পর তা শুনানির জন্য বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।